উত্তরদিনাজপুর

মালগাড়িতে আগুন লাগার ঘটনায় উত্তর দিনাজপুর জেলার ডালখোলা স্টেশনে চাঞ্চল্য

মালগাড়িতে আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা স্টেশন চত্বর এলাকায়। মালগাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে ডালখোলা রেল গেটের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ব্যাহত হয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। ডালখোলা স্টেশনে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে বলে খবর।

        উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা দেড়টা নাগাদ একটি গোবর সার বোঝাই মালগাড়ি বিহারের কাটিহার থেকে অসমের গৌহাটি দিকে যাচ্ছিল। ডালখোলা স্টেশনের একটু দূর থেকেই ট্রেনের গার্ড একটি বগিতে আগুন দেখতে পান। ডালখোলা স্টেশনে মালগাড়িটি দাঁড় করিয়ে তার ইঞ্জিন আলাদা করে দেওয়া হয়। খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বিভাগে। সেখান থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। এরপর যুদ্ধ কালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। মালগাড়িতে এই আগুন লাগার ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ বলে খবর।